খেলা

কালো আর্মব্যান্ড পরে খেলবে বাংলাদেশ-পাকিস্তান, থাকবে না গান-বাজনা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:০৪ পিএম

কালো আর্মব্যান্ড পরে খেলবে বাংলাদেশ-পাকিস্তান, থাকবে না গান-বাজনা
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। আহত হয়েছেন আরও অন্তত ১৭১ জন, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুর্ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার (২২ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

শুধু খেলোয়াড়রাই নয়, উভয় দলের কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরাও কালো আর্মব্যান্ড ধারণ করবেন। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির আওতাধীন সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিসিবির উদ্যোগে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

এছাড়া, ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো ধরনের সংগীত বা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে না বলে জানিয়েছে বোর্ড। বিসিবির একজন সিনিয়র কর্মকর্তা বলেন, “আমরা জাতীয় শোক ও দুঃখের এই মুহূর্তে সব ধরনের আনন্দ-উল্লাস পরিহার করছি। খেলাটি হবে সম্পূর্ণ শোকাতুর পরিবেশে।”

উল্লেখ্য, সোমবার দুপুরে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকে পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকার মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে এবং সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে।

খেলার মধ্যেও আজ গাঢ় বিষাদের ছোঁয়া—একটি জাতির শোককে সম্মান জানাতে মাঠের যোদ্ধারা আজ কথা বলবে নীরব প্রতীক দিয়ে।