খেলা
বরিশালের কোচের দায়িত্বে মোহাম্মদ আশরাফুল
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবার নাম লেখালেন কোচিংয়ে। আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খান। শনিবার গণমাধ্যমে তিনি বলেন, “আমরা বরিশালের প্রধান কোচ হিসেবে আশরাফুলকে নিয়োগ দিচ্ছি।”
বরিশালের সাবেক কোচ আশিকুর রহমান মজুমদার ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অপারগতা জানানোর পরই বিকল্প খোঁজা হচ্ছিল। বিসিবির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কমিটির একটি সূত্র জানায়, অভিজ্ঞতা ও সাম্প্রতিক কোচিং রেকর্ড বিবেচনায় আশরাফুলকে বেছে নেওয়া হয়েছে।

কোচ হিসেবে খুব একটা নতুন নন আশরাফুল। গেল দুই মৌসুমে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কোচিংয়ে প্রথমবার রংপুর শিরোপা জিতেছিল, আর পরের মৌসুমে খেলেছে ফাইনালে।
আগামী ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির নতুন আসর। এবারের আসরে অংশ নিচ্ছে আটটি বিভাগীয় দল। বরিশাল বিভাগ এই টুর্নামেন্টে নিজেদের নতুন রূপে মেলে ধরতে চায় সাবেক তারকা ব্যাটারের ছায়ায়।