খেলা
বিসিসিআই সভাপতি হলেন বাংলাদেশ দলের সাবেক ব্যাটিং পরামর্শক
অবশেষে গুঞ্জনের অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ব্যাটিং পরামর্শক মিথুন মানহাজ।
রোববার (২৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন তিনি। এর মাধ্যমে বিসিসিআইয়ের ৩৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।
মানহাজের দীর্ঘ দুই দশকের খেলোয়াড়ি ক্যারিয়ার থাকলেও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ হয়নি তার। তবে এত দীর্ঘ ক্যারিয়ার শেষে বোর্ড সভাপতি হওয়ার ঘটনা বিসিসিআইয়ের ইতিহাসে এই প্রথম। একই সঙ্গে জম্মু ও কাশ্মীর থেকে প্রথমবারের মতো কেউ এই পদে বসলেন।
২০১৭ সালে ক্রিকেটার হিসেবে শেষ ম্যাচ খেলেন মানহাজ এবং একই বছরই কোচিং পেশায় যুক্ত হন। সে বছর অক্টোবরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নেন এবং ২০১৯ পর্যন্ত টানা দুই বছর কাজ করেন। পাশাপাশি আইপিএলের কয়েকটি দলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি- ২০১৭ সালে পাঞ্জাব কিংস, ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০২২ সালে গুজরাট টাইটান্সে সহকারী কোচ ছিলেন।
প্রশাসক হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে। জম্মু ও কাশ্মীর রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপ-কমিটিতে যুক্ত ছিলেন তিনি। যদিও খেলোয়াড়ি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন দিল্লির হয়ে, পরে ২০১৫ সালে যোগ দেন জম্মু ও কাশ্মীর দলে।
এছাড়া একই সভায় নতুন নির্বাচক নিয়োগ দিয়েছে বিসিসিআই। সাবেক দুই ক্রিকেটার প্রজ্ঞান ওঝা ও আরপি সিংকে যুক্ত করা হয়েছে পুরুষ দলের নির্বাচক কমিটিতে। নারী দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন অমিতা শর্মা। তাকে সহায়তা করবেন সুলাশনা নায়াক ও শ্রাবন্তী নাইডু।