খেলা

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট
খালেদ মাসুদ পাইলট। ছবি: সংগৃহীত

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) এর কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন। রোববার (১৯ অক্টোবর) কোয়াব সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক পদে নির্বাচিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেন জাতীয় দলের সাবেক এই তারকা।

কোয়াব সভাপতিকে পাঠানো পদত্যাগপত্রে পাইলট লিখেছেন, “ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয় ছিল। সম্প্রতি আমি বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি।”

pilot_Dhakaprokash.jpg

তিনি আরও বলেন, “উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য আমি কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করছি। এই পদ থেকে আমি অবিলম্বে সরে দাঁড়াচ্ছি।”

এর আগে কোয়াবের নির্বাচনে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন খালেদ মাসুদ পাইলট।

পরে গত ৬ অক্টোবর বিসিবি পরিচালক পদে 'সি' ক্যাটাগরি (সাধারণ কাউন্সিলরদের মধ্যে থেকে) নির্বাচিত হন তিনি। দু'টি গুরুত্বপূর্ণ সংগঠনে একসঙ্গে দায়িত্ব পালনে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে- এমন সম্ভাবনা এড়াতে তিনি কোয়াবের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।