খেলা
মিরপুরে ১০ বছর পর ওয়ানডেতে ১০০ রানের উদ্বোধনী জুটি
দীর্ঘদিন পর যেন নতুন রূপে দেখা মিলছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটের। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে যেখানে রান তোলা ছিল দুঃসাধ্য, সেই একই মাঠে আজ ব্যাট হাতে দাপট দেখালেন বাংলাদেশের দুই ওপেনার- সৌম্য সরকার ও সাইফ হাসান।
দুজনের ব্যাটে ভর করে গড়েছেন শতরানের উদ্বোধনী জুটি। মিরপুরে সবশেষ ওয়ানডেতে এমন দৃশ্য দেখা গিয়েছিল প্রায় ১০ বছর আগে, ২০১৫ সালের ১১ নভেম্বর। সেবার জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল ও ইমরুল কায়েস করেছিলেন ১৪৭ রানের জুটি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সৌম্য ও সাইফের ব্যাটে নতুন করে সেই ইতিহাসের পুনরাবৃত্তি। দুজনই তুলে নিয়েছেন অর্ধশতক। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছেন সাইফ হাসান মাত্র ৪৪ বলে। তার আগেই ফিফটি পূর্ণ করেন সৌম্য, ৪৮ বলে ৫০ রান করে। দুজনেরই স্ট্রাইকরেট ছিল ১০০’র ওপরে।
এটি সৌম্য সরকারের ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি তার ষষ্ঠ অর্ধশতক। মজার বিষয় হলো, সর্বশেষ ফিফটিটিও তিনি করেছিলেন ক্যারিবীয়দের বিপক্ষেই- ২০২৪ সালের ডিসেম্বরে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
বাংলাদেশ দল ওয়ানডেতে শেষবার ওপেনিং জুটি থেকে শতরান পেয়েছিল ২০২৩ সালের মার্চে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেদিন তামিম ইকবাল ও লিটন দাস মিলে করেছিলেন অবিচ্ছিন্ন ১০২ রান।