খেলা

জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন মোহাম্মদ আশরাফুল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০২ এএম

জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের ক্রিকেট ইতিহাসের এক সময়ের বিস্ময় বালক ও প্রতিভাবান ব্যাটার মোহাম্মদ আশরাফুল। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এ বিষয়ে অবশেষে গুঞ্জনই সত্যে পরিণত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে, আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে আশরাফুলকে।

এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেও, শেষ পর্যন্ত বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

asraful-1-Dhaka Prokash -2961.jpg
মোহাম্মদ আশরাফুল। ছবি: সংগৃহীত

একই সভায় জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার ও বর্তমান বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাককে টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তিনি আয়ারল্যান্ড সিরিজে এই ভূমিকায় দলের সঙ্গে থাকবেন।

বাংলাদেশ ক্রিকেটে একসময়কার সবচেয়ে আলোচিত ও প্রতিভাবান ব্যাটার আশরাফুলের কোচিং প্যানেলে যুক্ত হওয়াকে অনেক ক্রিকেট বিশ্লেষক একটি ইতিবাচক ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।

তাদের মতে, তরুণ ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা, টেকনিক্যাল দক্ষতা ও ম্যাচ সচেতনতা বৃদ্ধিতে আশরাফুলের দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ব্যাটিং জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ক্রিকেটের নতুন এই অধ্যায় নিয়ে আশাবাদী দেশের ক্রিকেটপ্রেমীরাও।