খেলা
বাবার অসুস্থতায় স্থগিত স্মৃতি মান্ধানার বিয়ে, হবু বরও হাসপাতালে
ভারতীয় নারী দলের ক্রিকেটার স্মৃতি মান্ধানার আনন্দের দিনটা হঠাৎই ম্লান হয়ে গেল। মাত্র বিশ্বকাপ জিতেছেন, আর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা—কিন্তু ভেঙে পড়ল পরিবারে। ২৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্মৃতি এবং পলাশ মুচ্ছলের বিয়ে। কিন্তু সকালে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হঠাৎ হার্ট অ্যাটাক করলে বিয়ের সব আয়োজন স্থগিত করা হয়।
পরিস্থিতি আরো জটিল হয়, যখন হবু বর পলাশও অসুস্থ হয়ে পড়েন। মানসিক চাপের পাশাপাশি গ্যাস্ট্রিক সমস্যা দেখা দেয় তার। তাকে চার ঘণ্টা হাসপাতালে রাখা হয়, ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে এসেছে।

পলাশের মা অমিতা বলেন, “পলাশ স্মৃতির বাবার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। এমনকি স্মৃতির চেয়েও বাবার সঙ্গে তার বন্ধুত্ব বেশি। বাবা অসুস্থ হওয়ার পরই পলাশই প্রথম বিয়ের আনুষ্ঠানিকতা স্থগিত করার সিদ্ধান্ত নেন। হলুদ অনুষ্ঠান হওয়ার পরও আমরা তাকে বাইরে যেতে দিইনি। সে অনেক কেঁদেছিল। এখন সব কিছু স্বাভাবিক আছে, তবে চিন্তা তো আছে।”
স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। জটিলতা থাকা ও বয়সজনিত কারণে তার চিকিৎসা সময়সাপেক্ষ। পরিবার ও বন্ধুরা এখন শুধু তার দ্রুত সুস্থতার কামনায় অপেক্ষা করছেন।