খেলা

বোর্ড বলেছে, যে দল দেওয়া হয়েছে তা নিয়েই খেলতে হবে: লিটন দাস


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

বোর্ড বলেছে, যে দল দেওয়া হয়েছে তা নিয়েই খেলতে হবে: লিটন দাস
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বুধবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ–আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচের একদিন আগে সংবাদ সম্মেলনে এসে দল নির্বাচন নিয়ে বোর্ডের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস।

সংবাদ সম্মেলনে লিটনের কাছে শামীম হোসেনকে বাদ দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন। লিটন বলেন, “শামীম থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল না, পুরোপুরি নির্বাচকদের কল। কেন বাদ দেওয়া হয়েছে আমি জানি না। নির্বাচকেরা কোনো নোটিশ না দিয়েই তাকে দল থেকে বাদ দিয়েছে। এত দিন জানতাম অন্তত অধিনায়ক জানে কোন খেলোয়াড় ঢুকবে, কে বাদ পড়বে।”

শামীমের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়- শেষ তিন ইনিংসে ছিল ০, ১ ও ১ রান। তবু তাকে দলে রাখা হয়নি কেন, সে বিষয়ে অবগত নন লিটন।

দল নির্বাচনের বিষয়ে পরে বোর্ডের সঙ্গে কথা বলেছেন কি না-এমন প্রশ্নে আরও স্পষ্ট হন লিটন দাস। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, বোর্ড থেকে নাকি তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে-যে দল দেওয়া হবে, সেটাই নিয়ে খেলতে হবে; তার কোনো মতামত রাখা হবে না।

 

liton-1-Dhaka Prokah News-26-11-2025.jpg
ছবি: সংগৃহীত

এরপর লিটন যোগ করেন, “আমাকে বলা হয়েছে নির্বাচক প্যানেল ও বোর্ড যে দল দেবে, সেই দল নিয়েই কাজ করতে হবে। আমি কোন খেলোয়াড় চাই বা চাই না-এখানে আমার কথা থাকবে না। আমি তো এত দিন জানতাম অধিনায়ক হিসেবে নিজের মতো করে দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। এখন জানলাম, আমাকে শুধু দেওয়া দল নিয়েই খেলতে হবে।”

দল নির্বাচন নিয়ে অসন্তুষ্টি থাকলেও মাঠে ভালো খেলাই তার প্রধান লক্ষ্য বলে জানান লিটন দাস। তিনি বলেন, তার কাজ হলো দেওয়া স্কোয়াড নিয়েই সেরাটা বের করে আনা।