খেলা
বাংলাদেশহীন ইডেনে হাহাকার, ফাঁকা গ্যালারিতে স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের লড়াই
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজ সেই চেনা ইডেন গার্ডেন্স যেন পুরোপুরি অচেনা। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় কলকাতায় বিশ্বকাপের জৌলুস অনেকটাই ম্লান। শনিবার স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ফাঁকা গ্যালারিই তার সবচেয়ে বড় প্রমাণ।
বিশ্বকাপের ম্যাচ হলেও স্টেডিয়ামের অধিকাংশ আসন ছিল শূন্য। টিকিট বিক্রিতে আগেই ধস নেমেছিল, ম্যাচ শুরুর পর দেখা যায় গ্যালারি খাঁ খাঁ করছে। স্থানীয় দর্শকদের মধ্যে ম্যাচটি নিয়ে তেমন আগ্রহ দেখা যায়নি। বাংলাদেশ থাকলে যেখানে দর্শকদের গর্জনে মুখর হয়ে উঠত ইডেন, সেখানে আজ যেন কেবলই হাহাকার।
এমন নীরব পরিবেশেই অনুষ্ঠিত হয় টস। টসে জিতে স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন ঐতিহাসিক এই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গা নেওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে এই ম্যাচ দিয়েই। ম্যাচের আগে স্কটিশ স্পিনার মার্ক ওয়াট বাংলাদেশের প্রতি সহানুভূতি প্রকাশ করলেও নিজেদের সক্ষমতার কথাও তুলে ধরেন। তিনি বলেন,
‘আমরা বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি সত্যিই সমব্যথী। তবে আমরা বিশ্বাস করি, আমাদের এখানে থাকার যোগ্যতা আগেই ছিল। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা যেকোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে।’
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।