খেলা
৯ বছরের প্রেমের পর অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ—দুজনের প্রেমের গল্পটা যেন আধুনিক রূপকথা। ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে গুচির একটি শোরুমে শুরু হয়েছিল তাদের প্রথম পরিচয়, আর ঠিক নয় বছর পর সেই সম্পর্ক পৌঁছেছে এক নতুন মোড়ে। অবশেষে প্রেমিকা জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।
সাধারণ এক বিকেলে বিক্রয়কর্মী জর্জিনার সঙ্গে দেখা হয়েছিল রোনালদোর। তবে প্রথম দেখাতেই সেই "সাধারণ" দিনে শুরু হয়েছিল অসাধারণ এক সম্পর্কের গল্প। ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হয়, প্রেমে রূপ নেয়। নিজেদের সম্পর্ক শুরুতে গোপন রাখলেও ২০১৭ সালে ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

এরপর সময়ের সঙ্গে সঙ্গে একসঙ্গে গড়ে তোলেন পরিবার। ২০১৭ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান, কন্যা আলানা মার্তিনা। এরপর রোনালদোর আগের সন্তানদেরও মাতৃস্নেহে আগলে রাখেন জর্জিনা। ২০২২ সালে আসে আরও এক কন্যা, বেলা এস্মেরলাদা।
তবে এতকিছুর পরও আনুষ্ঠানিক কোনো পরিণতি ছিল না এই সম্পর্কের। বহুদিন ধরেই ভক্তদের মনে ঘুরছিল প্রশ্ন—বিয়েটা কবে? অবশেষে সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর মিলেছে।

জর্জিনা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে নিশ্চিত করেছেন, রোনালদো তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ছবিতে তার আঙুলে দেখা গেছে এক চোখধাঁধানো হীরার আংটি। ক্যাপশনে লিখেছেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আমার সব পরবর্তী জন্মেও।” পোস্টটির লোকেশন ছিল সৌদি আরবের রিয়াদ, যেখানে বর্তমানে রোনালদো খেলছেন আল নাসর ক্লাবের হয়ে।
ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন—রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখ কবে ঘোষণা হবে।