খেলা
প্রথম মুসলিম ফুটবলার হিসেবে ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলেন জেড স্পেন্স
ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন টটেনহামের ফুলব্যাক জেড স্পেন্স—আর এর মধ্য দিয়েই গড়তে যাচ্ছেন ইতিহাস। তিনি হতে যাচ্ছেন ইংল্যান্ডের পুরুষ ফুটবল দলে প্রথম মুসলিম খেলোয়াড়।
আগামী ৬ ও ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য কোচ থমাস টুখেল তাকে স্কোয়াডে রেখেছেন।

২৫ বছর বয়সী এই ফুটবলারের জন্য এটি নিঃসন্দেহে এক মাইলফলক মুহূর্ত। এর আগে তিনি ফ্রান্সের রেনেস, ইংল্যান্ডের লিডস এবং ইতালির জেনোয়া ক্লাবে ধারে খেলেছেন। তবে গত মৌসুমে টটেনহ্যামের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে মূল দলে নিজের জায়গা পাকা করেছেন।
জাতীয় দলের ডাকে রোমাঞ্চিত স্পেন্স বলেন, “এই মুহূর্তটা সত্যিই অসাধারণ, আমি খুবই চমকে গেছি। ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পাওয়া স্বপ্নের মতো—আর প্রথম মুসলিম খেলোয়াড় হিসেবে ডাক পাওয়া যেন আল্লাহর বিশেষ রহমত।”

ধর্ম তার জীবনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে স্পেন্স বলেন, “সবকিছুর আগে আমি আল্লাহকে স্মরণ করি। সুখে-দুঃখে সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকি। আমি নিয়মিত নামাজ পড়ি, দোয়া করি।”
তিনি আরও জানান, তার এই অর্জন বিশেষ করে মুসলিম ও ধর্মীয় শিশুদের জন্য অনুপ্রেরণার উৎস হবে বলে আশা করছেন। তিনি বলেন, “আমি যদি পারি, তোমরাও পারো। শুধু মুসলিম নয়, যেকোনো ধর্মের শিশু—যদি মন থেকে চেষ্টা করো, তাহলে অসম্ভব কিছু নেই।”