খেলা
বিশ্বকাপ ফাইনালে উঠতে ইয়ামালকে প্রেমিকার প্রকাশ্য অনুরোধ
স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল আগেই জানিয়েছেন, দেশের বড় তারকা হওয়াকে তিনি কোনো চাপ হিসেবে দেখেন না। তার লক্ষ্য শুধু নিজের সেরাটা দিয়ে দলকে গর্বিত করা। তবে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে তার প্রেমিকা ইনেস গার্সিয়ার এক প্রকাশ্য অনুরোধ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এবারের বিশ্বকাপে ফিফার অন্যতম বড় সংযোজন হলো ফাইনালে ১১ মিনিটের হাফটাইম শো। আয়োজকরা ইতোমধ্যে জানিয়েছেন, এই শোতে পারফর্ম করবেন শাকিরা, বিটিএস, কোল্ডপ্লে, ম্যাডোনা এবং কানাডার পপ তারকা জাস্টিন বিবার। বিশেষ করে জাস্টিন বিবারের নাম ঘোষণার পর বিষয়টি বাড়তি আগ্রহ তৈরি করেছে, কারণ ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া প্রকাশ্যেই এই শিল্পীর ভক্ত হিসেবে পরিচিত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গার্সিয়া ইয়ামালকে যেকোনোভাবে স্পেনকে বিশ্বকাপের ফাইনালে তোলার আহ্বান জানান। পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। অনেকের মতে, তার বার্তায় ফুটবলের চেয়ে জাস্টিন বিবারের হাফটাইম শো দেখার আগ্রহই বেশি গুরুত্ব পেয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ঐতিহ্যবাহী ফুটবল সমর্থক সমালোচনা করে বলেছেন, এতে এমন ধারণা তৈরি হচ্ছে যে বিশ্বকাপ ফাইনালের গুরুত্ব যেন হাফটাইম শোর কারণে বেড়েছে, ফুটবলের সর্বোচ্চ ট্রফির লড়াইয়ের কারণে নয়। আবার কেউ কেউ এটিকে বিশ্বকাপকে অতিরিক্ত ‘আমেরিকান ধাঁচে’ নিয়ে যাওয়ার উদাহরণ বলেও মন্তব্য করেছেন।
ইয়ামাল আগে চাপ অনুভব না করার কথা বললেও, প্রেমিকার এই অনুরোধের পর পরিস্থিতি কিছুটা ভিন্ন হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে। তবে বাস্তবতা হলো, স্পেনের সামনে এখনও কঠিন পথ বাকি। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত হলেও এখন পর্যন্ত প্রত্যাশিত ছন্দে খেলতে পারেনি তারা।
কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আটে উঠেছে বেলজিয়াম, ফলে সেমিফাইনালে যেতে হলে স্পেনকে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে হবে। সেই লক্ষ্য পূরণ করতে পারলে এক ধাপ এগোবে দলটি, আর ইনেস গার্সিয়ার প্রকাশ্য অনুরোধও বাস্তবায়নের আরও কাছে পৌঁছাবে।
সূত্র: মার্কা