খেলা

ফাইনালের আগে মেসিকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন এমবাপে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম

ফাইনালের আগে মেসিকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন এমবাপে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েও যেন তৃপ্তি নেই কিলিয়ান এমবাপের। ফুটবল কিংবদন্তি পেলে, মিরোস্লাভ ক্লোসা ও রোনালদো নাজারিওদের ছাড়িয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। তবে এই কীর্তির আনন্দ ঢেকে দিয়েছে ফ্রান্সের হারের বেদনা।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৬-৪ ব্যবধানে হারের রাতে জোড়া গোল করে নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ২২-এ উন্নীত করেছেন ২৭ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। কিন্তু ম্যাচ শেষে এমবাপে নিজেই জানালেন, এই রেকর্ড হয়তো খুব বেশিক্ষণ তার দখলে থাকবে না। কারণ ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামছেন লিওনেল মেসি যার গোলসংখ্যা এখন ২১।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুচকি হেসে এমবাপে বলেন, “লিও তো সবসময়ই গোল করে। আগামীকালও ও গোল করবে এটা একদম নিশ্চিত।” সাবেক সতীর্থের ওপর এমন আস্থাই দেখালেন ফরাসি অধিনায়ক।

ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বড় করে দেখছেন এমবাপে। টানা তৃতীয়বারের মতো ফ্রান্সকে ফাইনালে তুলতে না পারার হতাশা স্পষ্ট তাঁর কণ্ঠে। তিনি বলেন, “বিশ্বকাপে এতগুলো গোল করা অবশ্যই বড় অর্জন। কিন্তু আমি যদি এই রেকর্ড না করে ফাইনাল খেলতে পারতাম, তাহলে অনেক বেশি খুশি হতাম।”

মাত্র তিনটি বিশ্বকাপ খেলেই ২২ গোল করা এমবাপের এই কীর্তি ফুটবল ইতিহাসে বিরল। তবুও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। ফাইনালের মঞ্চে স্পেনের বিপক্ষে তিনি কি পারবেন এমবাপের ভবিষ্যদ্বাণী সত্যি করে নতুন ইতিহাস গড়তে সেই অপেক্ষায় ফুটবল বিশ্ব।