খেলা
বাবা হলেন ব্রাজিল তারকা এন্দ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেন্দ্রিক’
ব্রাজিল জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড় এন্দ্রিক এবং তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দা তাদের প্রথম সন্তানের নাম প্রকাশ করেছেন। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই তারকা দম্পতির ঘরে পুত্রসন্তান আসছে। তার নাম রাখা হয়েছে ‘কেন্দ্রিক’।
গত বুধবার ব্রাজিলের সাও পাওলো শহরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘সাধভক্ষণ’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সন্তানের নাম ঘোষণা করা হয়। আকাশি ও সাদা ফুলের নান্দনিক সাজে সজ্জিত অনুষ্ঠানে বড় অক্ষরে ফুটিয়ে তোলা হয় ‘কেন্দ্রিক’ নামটি, যা উপস্থিত অতিথি ও ভক্তদের নজর কেড়েছে।
আসন্ন সন্তানকে ঘিরে এই বিশেষ আয়োজনের মাধ্যমে বাবা-মা হওয়ার আনন্দ ও নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতির আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন এন্দ্রিক ও গ্যাব্রিয়েলি।
তবে সন্তানের নাম প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকের ধারণা, ‘কেন্দ্রিক’ নামটি বিশ্বখ্যাত মার্কিন সংগীতশিল্পী কেন্দ্রিক লামারের নামের সঙ্গে মিল রয়েছে। বহুবার গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পী বিশ্বের অন্যতম প্রভাবশালী সংগীত তারকা হিসেবে পরিচিত।
যদিও এন্দ্রিক বা গ্যাব্রিয়েলি এখনও জানাননি, তাদের সন্তানের নামটি কেন্দ্রিক লামারের নাম থেকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছে কি না। তবে বিষয়টি নিয়ে ফুটবলপ্রেমী ও সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল বাড়ছে।
চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় প্রথমবারের মতো সন্তান আগমনের সুখবর জানান গ্যাব্রিয়েলি মিরান্দা। সেখানে তিনি লেখেন, ‘এখন আমরা পাঁচজন।’ ওই বার্তায় তিনি নিজেকে, এন্দ্রিককে, তাদের পোষা দুটি কুকুর এবং গর্ভের সন্তানকে বোঝান।
পরে এই দম্পতি নিশ্চিত করেন যে তাদের ঘরে পুত্রসন্তান আসছে। তবে তখন সন্তানের নাম প্রকাশ করা হয়নি। অবশেষে সাও পাওলোতে আয়োজিত অনুষ্ঠানে অপেক্ষার অবসান ঘটিয়ে সবার সামনে তাদের প্রথম সন্তানের নাম ‘কেন্দ্রিক’ ঘোষণা করা হয়।