খেলা
অক্টোবরে কলকাতায় ব্রাজিলের ম্যাচ! প্রতিপক্ষ কে?
ভারতের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবর হতে যাচ্ছে কলকাতার মাঠে দেখা যেতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। বিশ্বকাপের পর নিজেদের তৃতীয় প্রীতি ম্যাচটি ভারতে আয়োজনের পরিকল্পনা করছে সেলেসাওরা, আর সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে কলকাতা।
ব্রাজিলের একটি ক্রীড়া মাধ্যম জানিয়েছে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন ও ভারতীয় আয়োজকদের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের শুরুতেই কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো পর্যন্ত ব্রাজিলের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি।
বিশ্বকাপ চলাকালীন সময়েই এই সম্ভাব্য ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বর্তমানে চুক্তির শেষ পর্যায়ের বিষয়গুলো নিয়ে কাজ চলছে। যদিও এখনো ম্যাচের নির্দিষ্ট তারিখ, ভেন্যু কিংবা প্রতিপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
ভারত সফরের আগে অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর আন্তর্জাতিক বিরতির তৃতীয় ম্যাচটি কলকাতায় আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ফিফার এবারের আন্তর্জাতিক বিরতি ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে। দীর্ঘ এই সময়ের সুযোগ কাজে লাগিয়ে একই সফরে অস্ট্রেলিয়া ও ভারতের ম্যাচগুলো খেলতে চায় ব্রাজিল।
ভারত, বিশেষ করে কলকাতায় ব্রাজিলের বিপুল সমর্থক রয়েছে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগানোর পাশাপাশি নতুন বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চায় দলটি। ইউরোপের দলগুলো এ সময় নিজেদের প্রতিযোগিতায় ব্যস্ত থাকায়, এশিয়ার কোনো দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনাই বেশি।
সর্বশেষ বিশ্বকাপে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। আসন্ন অস্ট্রেলিয়া সফরের ম্যাচগুলো দিয়েই ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির নতুন অধ্যায় শুরু করবে তারা। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই কলকাতা সফরকে গুরুত্ব দিচ্ছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ।