খেলা
ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস?
ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন দাবি ছড়িয়ে পড়েছে তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি সাবেক এই তারকা ফুটবলার। ফলে খবরটি আপাতত দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম ‘হাবেরলার’সহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতেই তিনি কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।
প্রচারিত তথ্য অনুযায়ী, শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের আগে থেকেই রবার্তো কার্লোসের নিয়মিত যোগাযোগ ছিল। দীর্ঘদিন যোগাযোগের পর প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে তাদের সরাসরি সাক্ষাৎ হয়। সেখানেই রবার্তো কার্লোস স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন বলে দাবি করা হয়েছে।
তবে রবার্তো কার্লোসের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরাসরি বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাই তার ধর্মান্তরের খবরটি নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই।
বিষয়টি আলোচনায় আসে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের পর। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের বিবরণ দিতে গিয়ে তিনি শেখ জিহাদ হামাদার সঙ্গে নিজের সাক্ষাতের কথা জানান।
আলি শাহিন জানান, ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময় সাও পাওলোতে বসবাসকারী শেখ জিহাদ হামাদার সঙ্গে তার দেখা হয়। তার ভাষ্য অনুযায়ী, বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় শেখ হামাদার নাম রয়েছে।
তুরস্কের এই সংসদ সদস্য আরও দাবি করেন, শেখ হামাদা তাকে জানিয়েছেন, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পরে প্রায় চার সপ্তাহ আগে রবার্তো কার্লোস তার কাছে গিয়ে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলামকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করেন। এ সময় আলি শাহিন রবার্তো কার্লোস ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও বরকতময় জীবনের শুভকামনা জানান।
এদিকে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরের মধ্যেই মরোক্কান বংশোদ্ভূত সুহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্পেনের নাগরিক সুহাইলা পেশায় ফিফা-অনুমোদিত খেলোয়াড় প্রতিনিধি। ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার পরিচালনার পাশাপাশি ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পেও কাজ করেন তিনি।
গত ১৭ আগস্ট তাদের বিয়ের নতুন কিছু ছবি ছড়িয়ে পড়লেও বিয়েটি সাম্প্রতিক নয়। চলতি বছরের জানুয়ারিতে প্রথম তাদের বিয়ের খবর সামনে আসে। পরে ২৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ছোট পরিসরে বিয়ের আয়োজন করা হয় বলে জানা যায়।
পেশাগত পরিচয় থেকেই রবার্তো কার্লোস ও সুহাইলার সম্পর্কের শুরু। পরবর্তীতে তা ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। ব্রাজিল ও ইউরোপে ফুটবলারদের ক্যারিয়ার এবং ব্যবসাসংক্রান্ত বিভিন্ন কাজে তারা একসঙ্গে যুক্ত রয়েছেন।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত রবার্তো কার্লোস। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় সাফল্যের সঙ্গে খেলেছেন তিনি। পরে তুরস্কের ক্লাব ফেনারবাচের হয়েও মাঠ মাতিয়েছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রবার্তো কার্লোসের নিজের বক্তব্যের অপেক্ষাই করতে হবে।