খেলা

ফুটবলে লাল-হলুদের পর এবার ‘কালো কার্ড’, কাদের দেখাবেন রেফারি?


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

ফুটবলে লাল-হলুদের পর এবার ‘কালো কার্ড’, কাদের দেখাবেন রেফারি?
ছবি: সংগৃহীত

ফুটবলে লাল ও হলুদ কার্ডের পর এবার চালু হলো ‘কালো কার্ড’। তবে খেলোয়াড়দের শাস্তি দিতে নয়, শিশুদের ফুটবল ম্যাচে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ নিয়ন্ত্রণে এই বিশেষ কার্ড চালু করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন।

যুব ফুটবলে অভিভাবক ও দর্শকদের গালাগালি, হুমকি, মারামারি এবং শিশু খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের অভিযোগ দীর্ঘদিনের। এসব আচরণ শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার ১১ সেপ্টেম্বর প্রস্তাবটি অনুমোদন করা হয়। অনূর্ধ্ব ৭ থেকে অনূর্ধ্ব ১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় এই নিয়ম কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, গ্যালারিতে থাকা অভিভাবক বা দর্শকদের অসদাচরণ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রেফারি শেষ পর্যন্ত কালো কার্ড দেখাতে পারবেন। কালো কার্ড দেখানোর অর্থ হলো, ম্যাচটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া।

নতুন নিয়মে গ্যালারি থেকে বিশৃঙ্খলা শুরু হলে প্রথমে রেফারি ম্যাচ সাময়িকভাবে বন্ধ করবেন। এরপর দুই দলের কোচ নিজ নিজ দলের অভিভাবক ও দর্শকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন।

তাতেও পরিস্থিতির উন্নতি না হলে দ্বিতীয় ধাপে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে। এ সময় খেলোয়াড়েরা মাঠ ছেড়ে পোশাক পরিবর্তনের কক্ষে অবস্থান করবে। কোচেরা আবারও গ্যালারিতে গিয়ে দর্শকদের শান্ত করার চেষ্টা করবেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ পুনরায় শুরু হবে। তবে ম্যাচ শুরুর পরও যদি অভিভাবক বা দর্শকদের আপত্তিকর আচরণ অব্যাহত থাকে, তাহলে রেফারি কালো কার্ড দেখাবেন। এর পর ম্যাচ সেখানেই শেষ হয়ে যাবে এবং তা আর পুনরায় শুরু করা যাবে না।

যুব ফুটবলে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ ঠেকাতে এর আগেও বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল রোমানিয়া ফুটবল ফেডারেশন। ২০২৪ সালে অপরাধের ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিতের বিধান করা হয়েছিল।

তবে এবার ম্যাচ শেষে শাস্তি দেওয়ার পাশাপাশি ম্যাচ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতাও রেফারির হাতে তুলে দেওয়া হলো। শিশুদের জন্য নিরাপদ, আনন্দময় ও ইতিবাচক ফুটবল পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।