খেলা
ইংল্যান্ডের কাছে ৭-০ গোলে হেরে মদরিচ বললেন ‘লজ্জার রাত’
ইংল্যান্ডের কাছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হেরে সতীর্থদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। জাতীয় দলের হয়ে দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে এমন লজ্জাজনক অভিজ্ঞতার মুখে কখনো পড়েননি বলে জানিয়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।
গত শনিবার রাতে নিজেদের মাঠ রিজেকার এইচএনকে স্টেডিয়ামে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় ক্রোয়েশিয়া। ম্যাচে হ্যারি কেইন ও বুকায়ো সাকা দুটি করে গোল করেন। এ ছাড়া জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও মরগান রজার্স একটি করে গোল করেন। তাতে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
১৯৯১ সালে স্বাধীন ফুটবল দল হিসেবে আত্মপ্রকাশের পর এটিই ক্রোয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার। নিজেদের মাঠে এমন বিপর্যয় কিছুতেই মেনে নিতে পারছেন না দলটির সমর্থকেরা।
স্পেনের বিপক্ষে আগের ম্যাচে বিশ্রামে থাকার পর ইংল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে ফিরেছিলেন মদরিচ। তবে দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর কোনো অজুহাত দিতে রাজি নন তিনি।
ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যম জুতানজিকে দেওয়া সাক্ষাৎকারে মদরিচ বলেন, কোনো লড়াই, ফাউল, আগ্রাসন কিংবা দলীয় ঐক্য ছাড়া এমন পারফরম্যান্সের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না তিনি। জাতীয় দলের হয়ে ২০ বছর খেলার পর এই প্রথম কোনো ম্যাচ শেষে নিজের মধ্যে লজ্জাবোধ করছেন।
দীর্ঘদিনের অর্জিত সম্মান একটি ম্যাচেই নষ্ট হয়েছে উল্লেখ করে ৩৯ বছর বয়সী এই তারকা বলেন, ইংল্যান্ড এখন তাদের চেয়ে ভালো দল। হেরে যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এভাবে হেরে এতদিন ধরে গড়ে তোলা সম্মান নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মাঠে দলের অসহায় অবস্থার বর্ণনা দিতে গিয়ে মদরিচ বলেন, ফুটবল এভাবে খেলা যায় না। মনে হচ্ছিল, তারা যেন মাঠে চার থেকে পাঁচজন খেলোয়াড় কম নিয়ে খেলছেন। পুরো রাতটিই ছিল বিপর্যয়ের।
তবে এই হারের পর কাউকে দোষারোপ না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ক্রোয়েশিয়া অধিনায়ক। তার বিশ্বাস, এর আগেও দল কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে।
স্পেনের বিপক্ষে পরবর্তী ম্যাচ সামনে রেখে সতীর্থদের আত্মবিশ্বাস ও জয়ের মানসিকতা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন তিনি। মদরিচের মতে, আত্মসম্মান, জেদ ও জয়ের আকাঙ্ক্ষা যে এখনো হারিয়ে যায়নি, তা পরবর্তী ম্যাচে মাঠের পারফরম্যান্সেই প্রমাণ করতে হবে।
সূত্র: গোলডটকম