খেলা
পাবজি মোবাইল রাইজিং স্টার ২০২৫-এর চ্যাম্পিয়ন এওয়ান আরজি ই-স্পোর্টস
পাবজি মোবাইল রাইজিং স্টার (পিএমআরএস) ২০২৫ আসরে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে এওয়ান আরজি ই-স্পোর্টস। ঢাকার আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইউএসটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত গ্র্যান্ড ল্যান ফাইনালে দেশের সেরা দলগুলোর অংশগ্রহণে জমে ওঠে প্রতিযোগিতা।
ঢাকায় প্রতিযোগিতামূলক ই-স্পোর্টসে আরও একটি উল্লেখযোগ্য অধ্যায় যোগ করলো এই আয়োজন। ফাইনাল ডে-তে দেশের সেরা ১৬টি দল সরাসরি ল্যান সেটআপে প্রতিদ্বন্দ্বিতা করে। পাঁচ লাখ টাকা প্রাইজ পুলের এই ল্যান ফাইনালে চ্যাম্পিয়ন হয় এওয়ান আরজি ই-স্পোর্টস, আর রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে জিএসএম।
টুর্নামেন্টের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে টিডিএম (টিম ডেথম্যাচ) ক্যাটাগরি। ৫০ হাজার টাকা প্রাইজ পুলের এই বিভাগে চ্যাম্পিয়ন হয় টিম নাইনটিন ফিফটি টু এবং রানার-আপ হয় এওয়ান আরজি ই-স্পোর্টস।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের প্রতিযোগিতামূলক গেমিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে উঠতি পাবজি মোবাইল খেলোয়াড়দের জন্য পেশাদার মানের ল্যান অভিজ্ঞতা নিশ্চিত করে পিএমআরএস ২০২৫ নতুন প্রতিভা তুলে আনার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
টুর্নামেন্টটির সেমিফাইনাল ও ফাইনাল ডে-র সব ম্যাচ অফিসিয়াল পাবজি মোবাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়, যা গেমিংপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।