খেলা

বিমান দুর্ঘটনায় বিসিবি-বাফুফের শোক, কালো ব্যাজ পরে মাঠে নামবেন ক্রিকেটাররা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৮:২৯ পিএম

বিমান দুর্ঘটনায় বিসিবি-বাফুফের শোক, কালো ব্যাজ পরে মাঠে নামবেন ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সারাদেশের মতো শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনেও। সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান শিক্ষাপ্রতিষ্ঠানটির ভবনে বিধ্বস্ত হয়। এতে নিহত হয়েছেন অন্তত ১৯ জন, আহত দুই শতাধিক।

শিশু-কিশোর শিক্ষার্থীসহ বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে দুই দল।

এছাড়া বাংলাদেশের ক্রিকেটাররা কালো ব্যাজ ধারণ করে খেলায় অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার ইমাম। তিনি বলেন,
"দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের খেলোয়াড়রা কালো ব্যাজ পরবেন। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে উভয় দল।"

পাকিস্তান দলের কালো ব্যাজ পরার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে মানবিক দিক বিবেচনায় তারাও অংশ নিতে পারে এই শ্রদ্ধা কর্মসূচিতে।

এরইমধ্যে মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। সারাদেশে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।