খেলা
বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে কমিটিকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী, যার মধ্যে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া রয়েছেন, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন। মামলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ তিন মাস মেয়াদের জন্য ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করে। ওই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল।
নতুন এডহক কমিটিতে আরও রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।
জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছিল, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই এডহক কমিটি গঠন করা হয়েছে এবং এটি সাময়িকভাবে বোর্ডের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।