খেলা

সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৩৫ এএম

সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো
ছবিঃ সংগৃহীত

ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় (গোট) কে—এ বিতর্কের শেষ নেই। কেউ বেছে নেন পেলেকে, কেউবা ডিয়েগো ম্যারাডোনাকে। আধুনিক ফুটবলে এ বিতর্ক সাধারণত সীমাবদ্ধ থাকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। তবে এবার সেই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মেসি। তার তিন গোলের সুবাদে আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে হারিয়েছে আলজেরিয়াকে।

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি ছুঁয়ে ফেলেছেন মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। একই সঙ্গে তিনি ছাড়িয়ে গেছেন গার্ড মুলার এবং রোনালদো নাজারিওকে।

তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত নন মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, ক্লোসা ও রোনালদোর মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম দেখতে পারা অবশ্যই সম্মানের। তবে তার কাছে এসব কেবল পরিসংখ্যান, এর বেশি কিছু নয়।

এ সময় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর প্রশংসাও করেন মেসি। তিনি বলেন, রোনালদো তার দেখা ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার, যদিও তিনি সব রেকর্ডের শীর্ষে নেই।

মেসির এই মন্তব্যের পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় রোনালদো নাজারিও বলেন, “এখন সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে। মেসিই সর্বকালের সেরা ফুটবলার।”

তিনি আরও বলেন, “মেসি প্রতি মৌসুমে এবং বিশ্বকাপের মতো বড় মঞ্চেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। এটি একটি ঐতিহাসিক ও স্মরণীয় অর্জন, যা ফুটবল ইতিহাসে চিরকাল লেখা থাকবে।”

মেসির একের পর এক রেকর্ড ভাঙা নিয়েও বিস্মিত নন রোনালদো। তার মতে, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়, আর মেসির মতো একজন খেলোয়াড় সেগুলো ভাঙছেন—এটা এখন আর কাউকে অবাক করে না। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং মেসি এখনও সর্বোচ্চ পর্যায়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন।