খেলা

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন মেসি 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন মেসি 
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া প্রায় সব বড় দলের বিপক্ষে খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে একটি দলের বিপক্ষে কখনোই মাঠে নামা হয়নি তার। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে।

আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসি।

৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্যারিয়ারে ব্রাজিল, উরুগুয়ে, জার্মানি, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলগুলোর বিপক্ষে খেলেছেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে কখনোই খেলার সুযোগ পাননি।

সবচেয়ে কাছাকাছি সুযোগ এসেছিল ২০০৫ সালের নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে। তবে আন্তর্জাতিক অভিষেকে হাঙ্গেরির বিপক্ষে লাল কার্ড দেখায় সেই ম্যাচে খেলতে পারেননি মেসি। ওই ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড।

এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ডকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মেসি।

তিনি বলেন, ‘ইংল্যান্ড দুর্দান্ত একটি দল, ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি। তাদের বিপক্ষে এমন একটি বড় ম্যাচ খেলতে পারা অবশ্যই বিশেষ কিছু।’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) এই ম্যাচকে মেসির ক্যারিয়ারের একটি বিশেষ অধ্যায় হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, ইংল্যান্ডের বিপক্ষে এই প্রথম লড়াই যেন ভাগ্যই এতদিনের জন্য অপেক্ষায় রেখেছিল।

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার মুখোমুখি হবে সাম্প্রতিক সময়ের অন্যতম সফল দুই ফুটবল শক্তি। আর সেই ম্যাচেই প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসি, যা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণের জন্ম দিয়েছে।