খেলা

যাই কর না কেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না: ক্যাসিয়াসের চ্যালেঞ্জ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম

যাই কর না কেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না: ক্যাসিয়াসের চ্যালেঞ্জ
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে ওঠার পরই আর্জেন্টিনাকে উদ্দেশ করে কড়া বার্তা দিয়েছেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে লিওনেল মেসির দল ফাইনাল নিশ্চিত করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে স্পেনের প্রতি নিজের আস্থা প্রকাশ করেন ২০১০ বিশ্বকাপজয়ী এই তারকা।

সেমিফাইনালে ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়েও সমালোচনা করেন ক্যাসিয়াস। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ডের রক্ষণাত্মক কৌশলকে দায়ী করে তিনি বলেন, “গোল করার পর তারা রক্ষণে নেমে পড়ল। এটা ভীতুর কৌশল। তারা নিজেদের বক্স ছাড়েনি, আর এতেই আর্জেন্টিনা বেশি সুযোগ পেয়েছে। যা হওয়ার তাই হয়েছে।”

ম্যাচ শেষে তিনি আরও বলেন, “ইংল্যান্ড নিজেদের কৌশলের কারণেই একা একা ম্যাচটা হেরেছে। তারা প্রায় ৩০ মিনিট ধরে আর্জেন্টিনাকে সবকিছু করতে দিয়েছে। এটা হতে পারে না।”

এরপর ফাইনাল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “তোমরা চতুর্থ তারাটা সেলাই করতে পারবে না।” আরেক পোস্টে স্পেনকে সমর্থন জানিয়ে বলেন, “চতুর্থ তারা হবে না। আমরা দ্বিতীয় তারার দিকে এগিয়ে যাচ্ছি! এগিয়ে চলো স্পেন!”

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে শেষ দিকে এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল এবং যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের জয়সূচক হেডে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি গোলেই অ্যাসিস্ট করেন অধিনায়ক লিওনেল মেসি।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই নিউ ইয়র্ক/নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

এটি হবে আর্জেন্টিনার সপ্তম বিশ্বকাপ ফাইনাল। শিরোপা জিততে পারলে ইতিহাসে প্রথমবারের মতো টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জার্সিতে যুক্ত হবে চতুর্থ তারকা।