খেলা
বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’ সমর্থকদের উদ্দেশে এমবাপ্পের আবেগঘন বার্তা
২০২৬ বিশ্বকাপের হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেননি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখে তিনি জানিয়েছেন, শিরোপা জিততে না পারার কষ্ট এখনও তাড়া করে ফিরছে তাকে। তবে ভবিষ্যতের জন্য আশাবাদী এই ফরাসি তারকা।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। পরে ইংল্যান্ডের বিপক্ষে ব্রোঞ্জ পদকের ম্যাচেও ৬-৪ ব্যবধানে পরাজিত হয় ‘লে ব্লু’রা।
একাধিক ফরাসি সংবাদপত্রে প্রকাশিত চিঠিতে এমবাপ্পে সতীর্থ, বিদায়ী কোচ দিদিয়ে দেশমের কোচিং স্টাফ এবং দেশ-বিদেশে ফ্রান্সকে সমর্থন দেওয়া সমর্থকদের ধন্যবাদ জানান।
তিনি লিখেছেন, ‘আমরা ট্রফিটা ঘরে তুলতে পারিনি। এটা কষ্টদায়ক এবং এই কষ্ট আরও কিছুদিন থাকবে। আমি সেটা লুকাতে চাই না।’
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘হয়তো আপনারা আরও ভালো সমাপ্তি পাওয়ার যোগ্য ছিলেন। কিন্তু গল্পের শেষ সবসময় আমাদের হাতে থাকে না। তবে আমরা কতটা নিবেদন করব, সেটা আমাদের নিয়ন্ত্রণে। আর আমরা আমাদের সর্বস্ব দিয়েছি। এজন্য আমরা গর্বিত।’
এমবাপ্পে আরও বলেন, ‘এই বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সামনে আরও অনেক ম্যাচ, আরও অনেক সন্ধ্যা আসবে, যখন আমরা আবারও একই স্বপ্ন নিয়ে একসঙ্গে মাঠে নামব। আমাদের পথচলা এখনও শেষ হয়নি। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।’
এদিকে, দীর্ঘদিনের কোচ দিদিয়ে দেশমের বিদায়ের পর ফ্রান্স জাতীয় দলে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশমের উত্তরসূরি হিসেবে কিংবদন্তি জিনেদিন জিদানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়ার ঘোষণা আসার অপেক্ষায় রয়েছে ফরাসি ফুটবল।