খেলা
বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা: তামিম ইকবাল
অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারানোর এই সাফল্যকে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
আজ রবিবার (১৬ আগস্ট) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় শুধু একটি ম্যাচের সাফল্য নয়, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতার একটি শক্তিশালী বার্তা।
তামিম বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো দলের জন্য খেলা কঠিন। ২৩ বছর পর সেখানে গিয়ে যেভাবে বাংলাদেশ খেলেছে এবং জয় পেয়েছে, তার পুরো কৃতিত্ব ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের। বোর্ডের কাজ শুধু খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া ও সহায়তা করা।
সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়ে ক্রিকেটারদের বেশি মনোযোগী না হওয়ার পরামর্শ দিয়ে বিসিবি সভাপতি বলেন, সমালোচনা থাকবেই। তবে ডারউইনের এই জয় বিশ্ব ক্রিকেটের কাছে বাংলাদেশের সামর্থ্যের একটি বার্তা পৌঁছে দিয়েছে।
তিনি বলেন, “এই জয়টি বিশ্বের কাছে একটি বার্তা। আমরা সবাই অত্যন্ত গর্বিত।”
ডারউইনের জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন উল্লেখ করে তামিম বলেন, বোর্ড হিসেবে তারা এই সাফল্যে অত্যন্ত গর্বিত। তার আশা, এই জয় দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে আগামী মাসে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) নিয়ে বৈঠক রয়েছে। সেখানে বড় দলগুলোর বিপক্ষে আরও প্রতিযোগিতামূলক সিরিজ পাওয়ার আলোচনায় ডারউইনের এই জয় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে বলেও মনে করেন বিসিবি সভাপতি।