বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
নতুন চমক আনলেন এলন মাস্কের XChat, ফোন নম্বর ছাড়াই করা যাবে মেসেজিং,অডিও ও ভিডিও কল
বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক। তিনি আনুষ্ঠানিকভাবে চালু করেছেন XChat, একটি নতুন প্রজন্মের মেসেজিং প্ল্যাটফর্ম, যেখানে ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে নিরাপদ ও দ্রুত যোগাযোগ সেবা।
এলন মাস্কের ভাষ্য অনুযায়ী, XChat তৈরি করা হয়েছে গোপনীয়তা, গতি ও নিরাপদ যোগাযোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে। প্ল্যাটফর্মটি একটি অত্যন্ত দ্রুত Rust-ভিত্তিক সিস্টেমে নির্মিত, যার নিরাপত্তা কাঠামোতে ব্যবহৃত হয়েছে বিটকয়েন-স্টাইল এনক্রিপশন প্রযুক্তি।
নতুন এই মেসেজিং সেবাটিতে থাকছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, অর্থাৎ প্রেরক ও প্রাপক ছাড়া কেউই বার্তার তথ্য দেখতে পারবে না। পাশাপাশি রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া বার্তার সুবিধা, যা ব্যবহারকারীর গোপনীয়তা আরও শক্তিশালী করবে।
XChat-এর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, এতে অডিও ও ভিডিও কল করা যাবে ফোন নম্বর ছাড়াই। ফলে ব্যক্তিগত নম্বর প্রকাশ না করেই নিরাপদ যোগাযোগ সম্ভব হবে। এছাড়া ব্যবহারকারীরা সীমাহীন ফাইল শেয়ারিং সুবিধাও পাবেন, যা বড় ডেটা আদান-প্রদানে বিশেষ সহায়ক হবে।
এলন মাস্ক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা যখন দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন ব্যবহারকারীদের নিজেদের ডেটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়াই XChat চালুর মূল লক্ষ্য। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় একটি নতুন মানদণ্ড স্থাপন করতে চায় তার প্রতিষ্ঠান।
বিশ্লেষকদের মতে, ফোন নম্বরবিহীন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত এনক্রিপশন প্রযুক্তির কারণে XChat ভবিষ্যতে হোয়াটসঅ্যাপসহ প্রচলিত মেসেজিং অ্যাপগুলোর জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।