বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

নতুন ফিচারে ডিপসিকের চমক, ব্যবহারকারী বাড়ল ৯০ শতাংশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম

নতুন ফিচারে ডিপসিকের চমক, ব্যবহারকারী বাড়ল ৯০ শতাংশ
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটবটের বাজারে বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে চীনের স্টার্টআপ প্রতিষ্ঠান ডিপসিক। তাদের চ্যাটবটে যুক্ত হয়েছে বৈপ্লবিক ফিচার ‘ইন্টারলিভড থিংকিং’ (Interleaved Thinking) বা ধাপে ধাপে যুক্তিসহ চিন্তা করার ক্ষমতা। 

এই নতুন প্রযুক্তির কল্যাণে প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যায় দেখা দিয়েছে অভাবনীয় বিস্ফোরণ।

কী এই ‘ইন্টারলিভড থিংকিং’? 
সাধারণ চ্যাটবটগুলো সাধারণত ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়ার আগে পুরো বিষয়টি একবার চিন্তা করে উত্তর দেয়। কিন্তু ‘ইন্টারলিভড থিংকিং’ ফিচারে ডিপসিক এখন কাজের মাঝপথেই তথ্য বিশ্লেষণ করতে পারে। এটি কোনো উৎস থেকে তথ্য নেওয়ার আগে তার নির্ভরযোগ্যতা যাচাই করে এবং প্রয়োজনে একাধিক ওয়েবসাইটের তথ্য মিলিয়ে দেখে। অর্থাৎ, এটি এখন মানুষের মতো প্রতিটি পদক্ষেপে যুক্তি ব্যবহার করে পরবর্তী সিদ্ধান্ত নিতে সক্ষম।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ডিপসিকের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা পৌঁছেছে প্রায় ১৩ কোটি ১৫ লাখে। নভেম্বর মাসের তুলনায় যা প্রায় ৯০ শতাংশ বেশি। অথচ চলতি বছরের শুরুতে অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারিতে এই সংখ্যা ছিল মাত্র ৩ কোটি ৩৭ লাখ। নতুন ফিচারের জনপ্রিয়তায় মাত্র কয়েক মাসেই এটি ওপেনএআই এবং অ্যানথ্রপিকের মতো জায়ান্টদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

এই সাফল্যের মূলে রয়েছে ডিপসিকের ভি৩.২ (V3.2) মডেল, যা গত ডিসেম্বরে উন্মুক্ত করা হয়। এই মডেলে ‘থিঙ্কিং’ বা চিন্তাভাবনাকে সরাসরি বিভিন্ন টুল ব্যবহারের সঙ্গে যুক্ত করা হয়েছে। জটিল কোনো প্রশ্ন করলে ব্যবহারকারীরা এখন পর্দার আড়ালে চ্যাটবটটি কীভাবে ধাপে ধাপে চিন্তা করছে, তার পুরো প্রক্রিয়াটি দেখতে পান। তবে সহজ প্রশ্নের ক্ষেত্রে সিস্টেমটি সময় বাঁচাতে নিজে থেকেই এই মোড বন্ধ রাখে।

ডিপসিকের দাবি, তারা অনেক কম খরচে প্রশিক্ষণ দিয়েও ওপেনএআই-এর সমমানের বা তার চেয়েও উন্নত মডেল তৈরি করতে পারছে। এর ফলে বৈশ্বিক প্রযুক্তি বাজারে কম খরচে উচ্চমানের এআই সেবা পাওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে চীনের পাশাপাশি ভারত ও ইন্দোনেশিয়াসহ এশিয়ার বাজারগুলোতে ডিপসিক ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।