বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
বেকারদের জন্য এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের বেকার ছেলে-মেয়েদের জন্য এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লক্ষ্যে প্রকল্প হাতে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, নির্মাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে দুর্যোগপ্রবণ সামুদ্রিক এলাকার মাছ ধরার ট্রলারের জন্য স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগের আওতায় আনার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়া সরকার ইতোমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
মন্ত্রী আরও জানান, দেশের সব রুটের দূরপাল্লার ট্রেনগুলোতে ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করা হয়েছে। নির্বাচনী এলাকা টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, মধুপুর ও ধনবাড়ীকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি ইন্টারনেটে জুয়ার বিরুদ্ধে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নইম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হকসহ আরও অনেকে।