বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

অ্যাপ স্টোর থেকে হঠাৎ উধাও টেলিগ্রাম, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের উদ্বেগ


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম

অ্যাপ স্টোর থেকে হঠাৎ উধাও টেলিগ্রাম, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের উদ্বেগ
ছবি: সংগৃহীত

বিশ্বের কয়েকটি দেশে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছে। ফলে আইফোন ব্যবহারকারীরা নতুন করে অ্যাপটি খুঁজে পাচ্ছেন না বা ডাউনলোড করতে পারছেন না।

রুশ বার্তা সংস্থার প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) থেকে রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে অ্যাপ স্টোরে টেলিগ্রাম অনুপলব্ধ হয়ে পড়ে।

তবে যেসব আইফোনে আগে থেকেই টেলিগ্রাম ইনস্টল করা রয়েছে, সেগুলোতে অ্যাপটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে। অর্থাৎ নতুন করে ডাউনলোডে সমস্যা হলেও পুরোনো ব্যবহারকারীদের জন্য সেবায় কোনো বিঘ্ন ঘটেনি।

অন্যদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে এমন কোনো সমস্যা দেখা যায়নি। গুগল প্লে স্টোর এবং রাশিয়ার স্থানীয় অ্যাপ মার্কেটপ্লেস রুস্টোরে এখনো টেলিগ্রাম স্বাভাবিকভাবে ডাউনলোড ও হালনাগাদ করা যাচ্ছে।

কেন আইওএস অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম সরানো হয়েছে—এটি কারিগরি ত্রুটি নাকি নীতিগত সিদ্ধান্ত, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি অ্যাপল বা টেলিগ্রাম কর্তৃপক্ষ।

এর আগে গত ৩০ জুন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে ‘সন্ত্রাসী’ ও ‘চরমপন্থি’ হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া। পাশাপাশি সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণে ব্যর্থতার অভিযোগে অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার টেলিগ্রামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে।

অ্যাপ স্টোরে টেলিগ্রামের অনুপস্থিতির প্রকৃত কারণ জানতে এখন অ্যাপল ও টেলিগ্রাম কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে প্রযুক্তি বিশ্ব।