ক্যাম্পাস
বান্ধবীকে শার্ট-ক্যাপ পরিয়ে হলে নিয়ে রাবি ছাত্রের রাত্রিযাপন (ভিডিও)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে এক ছাত্রীকে ছদ্মবেশে হলে নিয়ে এসে রাত কাটানোর অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে। গত ৪ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাজমুল ইসলাম বান্ধবীকে সঙ্গে নিয়ে হলে অবস্থান করেন বলে জানা গেছে।
জানা গেছে, ওই ছাত্র ছাত্রীকে ছেলের শার্ট ও মাথায় ক্যাপ পরিয়ে হলে প্রবেশ করান এবং ১৫৩ নম্বর কক্ষে রাত কাটান। ছাত্রীটিও একই বিভাগের ও বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন ভোরে হল ত্যাগের সময় ছাত্রীটিকে সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে যান নাজমুল। ছাত্রীটির ছদ্মবেশ দেখে সন্দেহ হলে তারা ধাওয়া করেন, কিন্তু আটকাতে পারেননি।
ঘটনা নিয়ে নাজমুল বলেন, “৩ জুন আমার জন্মদিন ছিল। কেক কাটতে গিয়ে রাত হয়ে যায়। সে সময় ওই ছাত্রী মেসে ফিরে যেতে পারবে না জানালে মানবিক কারণে আমি তাকে হলে থাকার সুযোগ দিই। সকালে সে চলে যায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে হল প্রভোস্ট ড. মো. মোতাহার হোসেন জানান, ছাত্রকে হলে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “এটি অত্যন্ত গুরুতর বিষয়। আমরা আনুষ্ঠানিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”