ক্যাম্পাস
হাসিনার আজীবন ডাকসু সদস্যপদ চাওয়া ইমি এবার বামজোটের ভিপি প্রার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নতুন নির্বাচন ঘিরে আবার আলোচনায় এসেছেন শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। ২০১৯ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে জয়ী হওয়া ইমি এবার লড়ছেন বাম গণতান্ত্রিক ছাত্র জোটের প্রার্থী হয়ে।
কিন্তু নির্বাচনী উত্তাপের মাঝেই সামনে এসেছে তার পুরনো এক মন্তব্য। ২০১৯ সালে ভিপি হওয়ার পর এক টকশোতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ডাকসু সদস্য করার প্রস্তাব সমর্থন করেছিলেন।
একই অনুষ্ঠানে উপস্থিত ভিপি নুরুল হক নুর তা প্রত্যাখ্যান করলেও ইমি বলেছিলেন, শেখ হাসিনার আন্তরিকতা ও ভূমিকার কারণেই ডাকসু নির্বাচন সম্ভব হয়েছে। কৃতজ্ঞতাবশত হলেও তাকে আজীবন ডাকসু সদস্য করা উচিত। গণভবনে আতিথেয়তার প্রসঙ্গও তিনি যুক্তি হিসেবে টেনেছিলেন।
পরে ২০১৯ সালের ৩০ মে ডাকসুর কার্যনির্বাহী সভায় আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে আজীবন সদস্য করা হয়। তবে এ সিদ্ধান্তে ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের সমর্থন ছিল না।
এদিকে সম্প্রতি ইমির সেই বক্তব্যের ভিডিও আবার ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। জবাবে তিনি নিজের ফেসবুক পেজে লেখেন, “২০১৯ সালের বক্তব্যের কিছু খণ্ডিত অংশ প্রচার করা হচ্ছে। এখন আমার অবস্থান পরিষ্কার—আমি নিরপরাধ মানুষের পক্ষে, আর ছাত্র হত্যার নির্দেশদাতাদের সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।”
অতীতের বিতর্কিত সমর্থন থেকে এখন সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়ে ইমি বামজোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।