ক্যাম্পাস

ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজ থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৯:২৩ এএম

ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজ থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (চিফ রিটার্নিং অফিসার) অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও যাতে এমন কিছু না ঘটে তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম সক্রিয়ভাবে কাজ করছে। যদি কোথাও বৈষম্য বা অনিয়ম দেখা দেয় এবং তা লিখিতভাবে অভিযোগ আকারে জমা দেওয়া হয়, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভিপি, জিএস, এজিএস পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আচরণবিধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজেদের ছবি প্রকাশ করতে চান না, তারা আগামী ২৭ আগস্টের মধ্যে লিখিত আবেদন চিফ রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে পারবেন।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৮তম ডাকসু নির্বাচন।