ক্যাম্পাস
‘অস্ত্র বিলি’ করছে শিবির, অভিযোগ ছাত্রদলের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দিনে ‘অস্ত্র বিলি’ নিয়ে উত্তপ্ত হয়েছে ছাত্র রাজনীতি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশেই ‘জামায়াত-শিবিরের কর্মীরা’ নিজেদের মধ্যে অস্ত্র বিতরণ করছে- এমন অভিযোগ করেছেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করে রাহী লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে নিজেদের মধ্যে অস্ত্র বিলি করছে জামায়াত শিবিরের লোকজন।’
তবে ভিডিওতে অস্ত্র কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের চেহারা স্পষ্ট নয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি কোনো বস্তু হাতবদল করছেন; তবে সেটি আসলেই অস্ত্র কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে রাহী বলেন, ‘ভোটগ্রহণের পর এ বিষয়ে মন্তব্য করব।’
অভিযোগ অস্বীকার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, ‘ছাত্রদল ভিত্তিহীন গুজব ছড়িয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে চাইছে। ভিডিওটিতে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। কাদের দেখা যাচ্ছে, সেটিও পরিষ্কার নয়। ভয়ভীতি ছড়িয়ে ভোটারদের দূরে রাখতে চায় তারা।’
এদিকে বিষয়টি নজরে এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপকমিশনার গাজিউর রহমান বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। তদন্তের পর দেখা গেছে, এটি মিথ্যা ও বানোয়াট। এটি সামাজিক মাধ্যমে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।’