ক্যাম্পাস
ঐক্যের অভাবে সমাজ ও রাষ্ট্র এগোতে পারছে না: ড. সবুর খান
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, “আমাদের সমাজে ঐক্যের বড় অভাব রয়েছে। ঐক্যের অভাবে সমাজ ও রাষ্ট্র এগোতে পারছে না।”
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত মাসিক শিক্ষা বিষয়ক ম্যাগাজিন ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ আয়োজিত এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ড. সবুর খান তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, “তোমরা ব্যক্তিজীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে বন্ধুত্বের স্পিরিট ধরে রাখবে। ঐক্য আর বন্ধুত্বের মধ্য দিয়েই দেশ এগিয়ে যেতে পারে।” তিনি নিজের জীবনের উদাহরণ তুলে ধরে বলেন, “আমার প্রতিষ্ঠানে ৫০০–এর বেশি কর্মকর্তা আছেন, যাঁরা আমার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধু।”
তিনি শিক্ষার্থীদের বিদেশমুখিতা ও শুধু বিসিএস-কেন্দ্রিক মানসিকতা পরিহার করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তার মতে, “একজন উদ্যোক্তা শুধু নিজে স্বাবলম্বী হন না, বরং অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে অবদান রাখেন।”
সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহারের পরামর্শ দিয়ে ড. সবুর খান বলেন, “বিশ্বজগত এখন হাতের মুঠোয়। তাই যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা ও ক্যারিয়ার ফোকাস—এই তিনটি দিকেই মনোযোগী হতে হবে।”
বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’-এর প্রধান সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষাবিদ এম এ সাজ্জাদ, জমিরুল আকতার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আহ্বায়ক কবীর হোসেন, সদস্যসচিব কাজী শওকত হোসেন, অধ্যাপক সরকার মাহবুব আহমেদ শামীম, ও মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও ঐক্যের মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।