ক্যাম্পাস

শেখ হাসিনার পক্ষে ‘আই ডোন্ট কেয়ার’ ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:১৬ এএম

শেখ হাসিনার পক্ষে ‘আই ডোন্ট কেয়ার’ ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে শাহবাগ থানার কাছে হস্তান্তর করেন।

এর আগে লাভলু মোল্লা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেখ হাসিনার পক্ষে ‘‘আই ডোন্ট কেয়ার’ লেখা সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করেন, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।

এ বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে লিখেন, লাভলুকে পুলিশের হাতে সোপর্দ করে এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে। এ জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসিনি আমরা, ২০০০ শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি। এখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের লিখেন, হাসিনার পক্ষে পোস্ট দেওয়া ঢাবির ডেপুটি রেজিস্ট্রার কট। প্রত্যেকটা ইঁদুরকেই গর্ত থেকে টেনে বের করা হবে, ওয়েট।

এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা যায়, গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের দুই মাস পরও ঢাবির ভিসি অফিসে দায়িত্বে ছিলেন ছাত্রলীগপন্থি হিসেবে পরিচিত পাঁচ কর্মকর্তা-কর্মচারী। পরে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত করা হয়। ওই পাঁচজনের একজন লাভলু মোল্লা শিশির। ছাত্রজীবনে তিনি মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।