ক্যাম্পাস

তুলে ফেলা হয়েছে ডাকসু ভবনের মেঝেতে লাগানো পাকিস্তানের পতাকা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

তুলে ফেলা হয়েছে ডাকসু ভবনের মেঝেতে লাগানো পাকিস্তানের পতাকা
তুলে ফেলা হয়েছে ডাকসু ভবনের মেঝেতে লাগানো পাকিস্তানের পতাকা। ছবি: ঢাকাপ্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের ফটকের মেঝেতে লাগানো পাকিস্তানের পতাকাযুক্ত স্টিকারটি তুলে ফেলা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতের দিকে স্টিকারটি আর সেখানে দেখা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা।

গত শনিবার বিজয় দিবস উপলক্ষে পাকিস্তান ও রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের অংশ হিসেবে শিক্ষার্থীরা ডাকসু ভবনের সামনে ওই পতাকাযুক্ত স্টিকারটি লাগান, যাতে পদদলিত হয় পাকিস্তানের প্রতীক।

একই ধরনের স্টিকার শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং বিজয় একাত্তর হলের ফটকের মেঝেতেও লাগানো হয়েছে। সেখানে এখনো স্টিকারগুলো রয়েছে। কিন্তু ডাকসু ভবনের সামনের স্টিকারটি কে বা কারা অপসারণ করেছেন এ বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

ভবনে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী জানান, “আমি বিষয়টি জানি না। রাতে যে গার্ড ছিল, হয়তো সে স্টিকারটি তুলে ফেলেছে।”

স্টিকারগুলোতে ‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার’ এবং ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। বিজয়ের মাসে এই পদক্ষেপ শিক্ষার্থীদের একাংশের প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখা হয়েছিল।