ক্যাম্পাস

কুয়েটে চা পানরত অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু: ক্যাম্পাসজুড়ে শোক 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

কুয়েটে চা পানরত অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু: ক্যাম্পাসজুড়ে শোক 
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চা পান করা অবস্থায় মো. রেজওয়ানুল হক (২৪) নামে এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলের সামনে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

কুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন রেজওয়ানুল হক। বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলে চা পানকালে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত খুলনা আদ-দীন আকিজ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেজওয়ানুল হক দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তার মৃত্যুতে কুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক, বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে রেজওয়ানুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে কুয়েট প্রশাসন মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা জারি করা হয়েছে।