ক্যাম্পাস
কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাঙ্গামাটি সদর উপজেলার চক্রপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইনতিশার হাসনাত (২২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলালের ছেলে বলে জানা গেছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে চার বন্ধু ঘুরতে রাঙ্গামাটিতে যান। বিকেলে তারা নৌকাযোগে কাপ্তাই হ্রদে ভ্রমণে বের হন। একপর্যায়ে নৌকাটি চক্রপাড়া সংলগ্ন বালুচরে পৌঁছালে সবাই সাঁতার কাটতে পানিতে নামেন।
এ সময় ইনতিশার সাঁতার কাটতে কাটতে হ্রদের গভীর অংশে চলে গেলে হঠাৎ তলিয়ে নিখোঁজ হয়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধারকারী দল প্রায় ২৫ ফুট গভীর থেকে ইনতিশারকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরহাদ কামাল জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।