ক্যাম্পাস
ঝড়ে গাছ ভেঙে পড়ে দুমড়ে-মুচড়ে গেল জবির বাস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা
রাজধানীতে টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়ার প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বড় গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর পড়ে গেছে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
রবিবার (১২ জুলাই) দুপুরে আকস্মিক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে থাকা একটি বড় গাছ উপড়ে পড়ে একটি বাসের ওপর আছড়ে পড়ে। এতে বাসটির ছাদ ও জানালার বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা জানান, বৃষ্টি ও বাতাসের তীব্রতায় হঠাৎ করেই গাছটি ভেঙে পড়ে। সৌভাগ্যবশত তখন বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। আশপাশে থাকা শিক্ষার্থীরাও দ্রুত সরে গিয়ে নিরাপদ থাকতে সক্ষম হন।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভেঙে পড়া গাছের ডালপালা সরানোর কাজ শুরু করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতেও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।