ক্যাম্পাস

হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম

হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তীব্র মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাকে এতটাই প্রত্যাখ্যান করেছে যে, এই দেশের মাটিও তার লাশ গ্রহণ করবে না।

একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা আশপাশে সংগঠনটির কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। জগন্নাথবাসী এই নিষিদ্ধ সংগঠনের একজনকেও সহ্য করবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রক্টর। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলনের চেতনা এখনো শেষ হয়নি এবং তা ধরে রাখা প্রয়োজন। তার দাবি, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি সতর্ক করে বলেন, “বিভিন্ন জায়গায় তারা স্বল্প সময়ের জন্য ব্যানার নিয়ে উপস্থিত হচ্ছে। তবে জগন্নাথের আশপাশে এ ধরনের কোনো কার্যক্রম হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

তিনি আরও বলেন, যারা এখনো নিষিদ্ধ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে প্রক্টর বলেন, তাদের আত্মত্যাগ দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এনেছে। সেই চেতনা ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।