ক্যাম্পাস
ডাকসু থেকে বিদায় নিলেন মুসাদ্দিক, দিলেন দায়িত্বের এক বছরের হিসাব
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শেষ করার ঘোষণা দিয়েছেন। দায়িত্বের এক বছরে বিভিন্ন কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরে শিক্ষার্থীদের কাছে নিজের কাজের হিসাব দিয়েছেন তিনি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে এসব তথ্য জানান মুসাদ্দিক।
তিনি জানান, দায়িত্ব পালনের এক বছরে ছোট বড় মিলিয়ে প্রায় দেড় শতাধিক একক আয়োজন করেছেন। তার সম্পাদনা ও ব্যবস্থাপনায় প্রকাশিত হয়েছে প্রায় ২৮টি সাহিত্য পত্রিকা, স্মারকগ্রন্থ ও সংকলন। শুধু গত জানুয়ারি মাসেই ৫০টির বেশি কার্যক্রমে যুক্ত ছিলেন বলেও জানান তিনি।
২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন মুসাদ্দিক। ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর তার প্রাথমিক মেয়াদ শেষ হয়। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত আরও ৯০ দিন দায়িত্ব পালনের সুযোগ থাকলেও ব্যক্তিগতভাবে তিনি ওই সময় দায়িত্বে থাকতে চান না বলে জানিয়েছেন।
মুসাদ্দিক বলেন, পুরো বছরের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রস্তুত করা সম্ভব হয়নি। তবে জানুয়ারি মাসের কার্যক্রমের তালিকা তৈরি করে দেখা গেছে, ওই এক মাসেই তিনি ৫০টির বেশি কাজে যুক্ত ছিলেন।
দায়িত্ব পালনের এক বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন শিক্ষার্থীদের ওপর ছেড়ে দিয়েছেন মুসাদ্দিক। কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের বিভিন্ন তাৎক্ষণিক সমস্যায় সহযোগিতা করার কথাও জানান তিনি।
পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রায় এক ডজন মোবাইল ফোন উদ্ধার এবং প্রতিদিন গড়ে তিন থেকে চারজন শিক্ষার্থীকে বিভিন্ন আইনি ও তাৎক্ষণিক সমস্যায় সহযোগিতা করেছেন বলেও দাবি করেন মুসাদ্দিক।
প্রাথমিক দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শেষ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হবে। তবে দায়িত্ব শেষ হলেও ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রয়োজন হলে সাধ্যমতো সহযোগিতা করে যাবেন।