ক্যাম্পাস
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও আগের নামফলক ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক স্থাপন করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে কিছুদিন আগে পরিবর্তন করা হলটির নাম আবারও আগের নামে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হলো।
এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সামনে এসে অনেকে বিভ্রান্ত হয়ে যায় হল চিনতে। আজ থেকে আর সেই বিভ্রান্তি থাকবে না। আগের নামটি ছিঁড়ে ফেলা হচ্ছে।’
এ বিষয়ে ইত্তেফাক ডিজিটালের সঙ্গে কথা হলে আব্দুল্লাহ আল নোমান জানান, ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি হল প্রশাসনের পক্ষ থেকেই সরিয়ে ফেলা হচ্ছে। অর্থাৎ নামফলক পরিবর্তনের কার্যক্রমটি শিক্ষার্থীদের উদ্যোগে নয়, হল প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি। তিনি হল অফিসে এসে যোগাযোগ করার পরামর্শ দিয়ে বলেন, সেখানে এ বিষয়ে যথাযথ তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন। এরপর থেকেই হলটির নাম পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল।
এখন ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক স্থাপনের কার্যক্রম শুরু হওয়ায় হলটির নাম আনুষ্ঠানিকভাবে আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।