ক্যাম্পাস

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার 
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এতে চার সাংবাদিক গুরুতর আহত হন। এ ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।

হামলার পর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই ঘটনার প্রতিবাদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এদিকে হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে হল প্রশাসন। পাশাপাশি ঘটনার তদন্তে কেন্দ্রীয় ছাত্রদল একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।