রাজধানী
৩ দফা দাবিতে আগারগাঁও অবরোধে শেকৃবি শিক্ষার্থীরা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা তিন দফা দাবির পক্ষে আন্দোলনে নামছেন। এ উপলক্ষে তারা আগারগাঁওয়ে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।
আন্দোলনকারীরা জানান, কৃষি খাতের স্বার্থ রক্ষায় ও পেশাদার কৃষিবিদদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগে বুধবার (২৭ আগস্ট) রাতে এক আলোচনা সভা শেষে অবরোধের সিদ্ধান্ত হয় এবং পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি হলো—
১. কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২. ৯ম গ্রেডে পদোন্নতির ক্ষেত্রে কেবলমাত্র নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের সুযোগ দিতে হবে; বিএডিসির কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে কারও নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার নিষিদ্ধ করতে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
অন্যদিকে, একই দিনে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।