রাজধানী

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগরের একটি আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—ধামরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন (৫৮), ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫), ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (৪২), নবযুগ কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম (৩০) এবং ছাত্রলীগ নেতা আহাদ হোসেন (৩২)।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি। প্রাথমিক তদন্তে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হবে।”

উল্লেখ্য, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধামরাইয়ে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষের ঘটনায় আফিকুল ইসলাম সাদ নামের এক কলেজছাত্র গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করলে তদন্তে এই পাঁচজন নেতার সংশ্লিষ্টতা পাওয়া যায়।