রাজধানী
নির্বাচনে রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা দেখানো যাবে না: ডিএমপি কমিশনার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি কোনোভাবেই দুর্বলতা প্রদর্শন করা যাবে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় উপস্থিত ছিলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান, থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা।
ডিএমপি কমিশনার বলেন, “আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন— সেই নিশ্চয়তা দেওয়া আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন। বহু ত্যাগ ও পরিশ্রমের পর আমরা আজকের অবস্থানে এসেছি— তাই কোনো অবস্থাতেই পুলিশের ভাবমূর্তি নষ্ট হওয়া চলবে না।”
বেআইনি সমাবেশ বা রাজনৈতিক উত্তেজনা মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দিয়ে কমিশনার বলেন, “জনগণের সঙ্গে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি করতে পারে— এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না।”
সভায় কমিশনার আরও ঘোষণা দেন, দায়িত্ব পালনের সময় ডিএমপির কোনো সদস্য আহত হলে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার ডিএমপি বহন করবে। পাশাপাশি তিনি প্রত্যেক সদস্যকে নিয়মিত ব্যায়াম, খেলাধুলা ও সুস্বাস্থ্য বজায় রাখার আহ্বান জানান।
উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হোন, তাদের কথা শুনুন ও সমস্যা সমাধানে উদ্যোগী হন। পুলিশ সদস্যদের মনোবলই আমাদের সর্বোচ্চ শক্তি।”
সভায় ডিএমপি কমিশনার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের কল্যাণমূলক দাবিগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন।