রাজধানী
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, যুবক আটক
রাজধানীর বাঙলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে দলীয় নেতাকর্মীরা ধাওয়া দিয়ে দুই যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করেন।
ঘটনার সময় ধরা পড়া যুবক নিজেকে ইউসুফ বলে পরিচয় দেন। বাড়ি শরীয়তপুর, তবে বর্তমানে তিনি গুলিস্তান এলাকায় থাকেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, “সজিব আর রাকিন আমাকে বাঙলামোটরে এনসিপির কার্যালয়ে ককটেল মারার জন্য পাঠিয়েছে। বাইকে সজিব আমাকে সেখানে নিয়ে আসছিল, কিন্তু পরে সে একদিকে দৌড়িয়ে চলে যায়। আমি তখন অন্য দিকে দৌড়াই।”
ইউসুফ আরও বলেন, “আমি পাঁচ-ছয় মাস ধরে দর্জির কাজে কাজ করছি। ঘটনাটি আমার নিজস্ব ইচ্ছায় নয়, আমাকে এ কাজে প্ররোচিত করা হয়েছে।”
পুলিশ এবং দলের নেতারা জানিয়েছেন, যুবক ইউসুফ ও তার সহযোগীর বিরুদ্ধে মাদক, সহিংসতা এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।