রাজধানী

মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম

মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুর এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে সংঘটিত এসব বিস্ফোরণে কেউ হতাহত না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাগুলো তদন্ত করে দেখছে।

সন্ধ্যা ৭টার দিকে রমনা থানার মৌচাক ফরচুন মার্কেটের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে কোনো ব্যক্তি আহত না হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম টুটুল জানান, “মৌচাকের ফরচুন মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেউ আহত হয়নি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তে কাজ চলছে।”

এরপর রাত ১১টা ২৫ মিনিটের দিকে মগবাজার মোড়ের ফ্লাইওভারের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের বলেন, “ফ্লাইওভারের উপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি নিচের একটি রেস্টুরেন্টের সামনে বিস্ফোরিত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।” তিনি জানান, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তিন নম্বর ঘটনা ঘটে দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুর থানার জাকির হোসেন রোডে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

তবে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কোনো আলামত পায়নি পুলিশ। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কোনো সরাসরি চিহ্ন পাইনি। তবে আশপাশের লোকজন জানিয়েছেন, তারা একটি জোরালো শব্দ শুনেছেন।”

রাজধানীর তিনস্থানে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ সবগুলো ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।