রাজধানী
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, যা বললো তিতাস
রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে একটি মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মহানগরীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন এলাকায় রান্না ও শিল্পকারখানায় মারাত্মক ভোগান্তি তৈরি হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিতরণ পাইপলাইনের মেরামত কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তবে মেরামতকালে পাইপলাইনে পানি প্রবেশ করায় এবং একই সময়ে ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকায় বর্তমানে নগরজুড়ে মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, গ্যাসের স্বাভাবিক চাপ ফিরিয়ে আনতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সমস্যা সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এদিকে, হঠাৎ করে গ্যাস সংকট দেখা দেওয়ায় সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে।